বাংলা লাইভ নিউজ ডেস্ক: মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সেলোনা। তবে টানা ২টি বড় ম্যাচে হার সে আত্মবিশ্বাসটাকে চুরমার করে দিয়েছিল রীতিমতো।
- •মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সেলোনা।
- •তবে টানা ২টি বড় ম্যাচে হার সে আত্মবিশ্বাসটাকে চুরমার করে দিয়েছিল রীতিমতো।
- •একটা পালটা রব তুলে দিয়েছিল গোটা স্পেনে, ইউরোপে — ‘এই বার্সা বড় ম্যাচে জিততে পারে না’।
একটা পালটা রব তুলে দিয়েছিল গোটা স্পেনে, ইউরোপে — ‘এই বার্সা বড় ম্যাচে জিততে পারে না’। সেই বার্সেলোনা আরও এক বড় ম্যাচে নেমেছিল গত রাতে।
হেরে গেলেই শীর্ষস্থান হাতছাড়া হয়ে যেত, শীর্ষে উঠে আসত আতলেতিকো, রিয়ালও শিরোপার লড়াইয়ে ভালোভাবেই ফিরে আসত। এমন সমীকরণ মাথায় নিয়ে মেত্রোপলিতানোয় নেমেছিল বার্সা।
নেমে শুরুতেই পিছিয়ে পড়েছিল। তবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তারা ম্যাচটা জিতল ২-১ গোলে। ফেরমিন লোপেজ করলেন জোড়া গোল।
তার চেয়ে বড় বিষয়, বড় ম্যাচে ব্যর্থতার অপবাদটাকে পেছনে ফেলেছে দলটা। মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচ শুরু হয় দারুণ গতিতে। দুই দলই গোল করতে গিয়ে বাঁধা পায় বারপোস্টে।
হুলিয়ান আলভারেজ বার্সা রক্ষণে এসে একা পেয়ে গিয়েছিলেন গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে, তাকে কাটিয়ে ফেললেও ডিফেন্ডারদের বাধায় তিনি গোলটা করতে পারেননি। এরপর কর্নার থেকে আতলেতিকো ডিফেন্ডার মার্ক পুবিলের হেড বারে লাগে।
অন্য প্রান্তে পেদ্রির জোরালো শট পোস্টে লাগে। বল বাড়িয়েছিলেন বার্সার তারকা লামিন ইয়ামাল। এতসব ঘটনা সব কিন্তু শুরুর ১০ মিনিটে।
অবশেষে ১০ম মিনিটে গিয়ে গোলের দেখা পায় আতলেতিকো। গেল গ্রীষ্মে বার্সেলোনা খুব করে চেয়েছিল আলভারেজকে, বড় অঙ্ক খরচ করে দলে টানতে রাজি ছিল; তবে আতলেতিকো বাঁধ সাধে এখানে, আলভারেজকে রীতিমতো আটকে রেখে দেয়।
সেই ঘটনার কারণে আলভারেজের ওপর ম্যাচের আগে নজর ছিল। তবে আলভারেজ সে পরীক্ষায় উতরে গেছেন। তার ক্রসেই তো ভাঙে ডেডলক।
তার ক্রস পেয়ে কাছ থেকে বল জালে পাঠান জুলিয়ানো সিমেওনে। এরপর আলভারেজের আরেকটি শট আটকে দেন গার্সিয়া। এতকিছু যখন হচ্ছে, বার্সা তখন নিজেদের ছন্দে ফিরতে পারছিল না।
তবু বিরতির আগেই সমতা ফেরায় বার্সা। জটলা থেকে বল পেয়ে যান ফেরমিন। তার আগুনে এক শট ইয়ান অবলাককে পরাস্ত করে জড়ায় জালে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আলভারেজ আবার সহজ সুযোগ পান। কিন্তু তার চিপ শট বারের ওপর দিয়ে চলে যায়। সেই মিসের দাম তাকে দিতে হয় ৬৬ মিনিটে।
ইয়ামাল আতলেতিকোর রক্ষণের ফাঁক দিয়ে দারুণ পাস বাড়ান। ফেরমিন ঠান্ডা মাথায় অবলাককে পরাস্ত করে বার্সাকে এগিয়ে দেন। এটি চলতি মৌসুমে ১১ ম্যাচে তার সপ্তম লিগ গোল।
২৩ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার এদিন দলের জয়ের কারিগর। বার্সেলোনা এদিন নিজেদের সেরা ছন্দে ছিল না। তবু প্রতিপক্ষের মাঠ থেকে ঠিকই জয়টা তুলে নিয়ে এল কোচ হানসি ফ্লিকের দল।
তাতে হাসিমুখেই আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে দলটি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ও কোপা দেল রের ম্যাচে বার্সাকে হারিয়েছিল আতলেতিকো।
এই জয়ে সেই হারের কিছুটা জবাব দিল কাতালানরা। সম্প্রতি প্যারিস সেন্ট জার্মেই ও রিয়াল মাদ্রিদের কাছে হারের পর ফ্লিকের দল সমালোচনার মুখে পড়েছিল।
বড় ম্যাচে নিজেদের সামলাতে পারার প্রমাণ দিল তারা। লা লিগা বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদ।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।