বাংলা লাইভ নিউজ ডেস্ক: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৫ এ সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত আইন অনুষদের ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন এবং আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন। সংবর্ধনা অনুষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থী রোকোনুজ্জামান রায়হান বলেন, আজ এ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক ও তৃপ্তিকর। বিশ্ববিদ্যালয়জীবনের শুরুর দিকে প্রতিকূল পরিবেশ, শ্রেণিকক্ষের সংকট ও শিক্ষকস্বল্পতার মধ্য দিয়ে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হয়েছিল। তবে আইন বিভাগের শিক্ষকদের আন্তরিকতা এবং প্রতিকূলতার মধ্যেও প্রতিবছর সিনিয়রদের বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ার ঘটনা আমাদের স্বপ্ন এগিয়ে নিতে অনুপ্রেরণা জুগিয়েছে।

তিনি আরও বলেন, প্রথমবারেই মহান আল্লাহ তায়ালা আমাকে বিচারক হিসেবে কবুল করেছেন। সবার উচিত শুরু থেকেই দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সিলেবাস বিশ্লেষণ করে সাধারণ ও আইন— উভয় অংশে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করা। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়াশোনার জন্য স্টাডি স্পেস বা জব কর্নারের সংখ্যা বাড়ানোর অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিনকে অন্তর্ভুক্ত করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।