বাংলা লাইভ নিউজ ডেস্ক: সিলেট টেস্টের প্রথম দিন দাপট দেখাল ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুটা ছিল টাইগার পেসারদের দাপটে।
- •সিলেট টেস্টের প্রথম দিন দাপট দেখাল ওয়েস্ট ইন্ডিজ।
- •দিনের শুরুটা ছিল টাইগার পেসারদের দাপটে।
- •তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই চাপ সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।
অভিষিক্ত কেভিন উইকহ্যামের লড়াকু ব্যাটিংয়ের পর আমির জাঙ্গুর দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেট টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগে ৭০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১১১ রানে অপরাজিত রয়েছেন জাঙ্গু। অপর প্রান্তে ৩৫ রান নিয়ে ব্যাট করছেন জাস্টিন গ্রিভস। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেইস।
পঞ্চম ওভারে ১৩ রানে ব্র্যান্ডন কিংকে বোল্ড করে প্রথম আঘাত হানেন তাসকিন। পরের ওভারেই কাভেম হজকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এরপর ২৭ রানের মাথায় তাসকিনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন জশুয়া দা সিলভা।
প্রাথমিক বিপর্যয় সামাল দিতে চতুর্থ উইকেটে জুটি বাঁধেন জাঙ্গু ও অভিষিক্ত উইকহ্যাম। দুজনের ১৩১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ।
১৪৫ বলে ৬১ রান করার পর হাসান মাহমুদের ভেতরে ঢোকা বলে বোল্ড হলে ভাঙে গুরুত্বপূর্ণ এই জুটি। উইকহ্যাম বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে রান বাড়াতে থাকেন জাঙ্গু।
দৃষ্টিনন্দন ড্রাইভে বাউন্ডারি আদায়ের পাশাপাশি সিঙ্গেলস নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন তিনি। শেষ পর্যন্ত ১৪৯ বল মোকাবিলায় ১০টি চার ও ২টি ছক্কায় পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।
এরপর পঞ্চম উইকেটে জাস্টিন গ্রিভসকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটি গড়েছেন জাঙ্গু। দিনের খেলা শেষ হওয়ার সময় ১১১ রানে অপরাজিত ছিলেন তিনি, গ্রিভসের সংগ্রহ ৩৫।
আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। ফলে ৪ উইকেট হারিয়েও দিন শেষে স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ দুটি করে উইকেট শিকার করেছেন। ৬১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তাসকিন, আর হাসানের খরচ ৫৮ রান।
তাইজুল ১৬ ওভারে ৪৫ এবং মিরাজ ১৮ ওভারে ৪২ রান দিয়েছেন।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।