বাংলা লাইভ নিউজ ডেস্ক: প্রাইভেটকারে এসে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই গাজীপুরের কালিয়াকৈরে সোনালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে একটি সাদা রঙের প্রাইভেটকারে আসা দুর্বৃত্তরা তার অটোরিকশার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

পরে তারা টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়। ভুক্তভোগী এ এম এম তৌহিদুর রশিদ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাবা এস এম হারুনুর রশিদের ব্যাংক হিসাব থেকে সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখায় ৫ লাখ টাকা তোলেন তৌহিদুর রশিদ। এরপর মামা তাসনিম উদ্দিনকে সঙ্গে নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি।

দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের অটোরিকশার গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে এক ব্যক্তি হাত বাড়িয়ে তৌহিদুর রশিদের কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেন। এরপর দ্রুতগতিতে টাঙ্গাইলের দিকে চলে যায় প্রাইভেটকারটি। পরে পুলিশের জরুরি সেবায় ফোন করেন তৌহিদুর রশিদ।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।