ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। মঙ্গলবার ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের ফলে ফাইনালে এক পা দিয়ে রাখল সাদিয়া ইসলামের দল।

এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য লঙ্কানদের কাছে হেরে যায় তারা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। মাত্র ৪ রানের মাথায় ২ উইকেট হারায় তারা। তবে অচেনা ১৭, নিশি ২০, অধিনায়ক সাদিয়া ২৪, সাদিয়া আক্তার অপরাজিত ৩৩ ও ফারজানার অপরাজিত ২৮ রানের লড়াকু ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে রোজিনা ও মাহাম দুটি এবং সাহার বানু একটি উইকেট শিকার করেন।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তুলে নেয় তারা। উদ্বোধনী জুটিও একসময় ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছিল। রাভাইল ফারহান ২৯ বলে ৩২ এবং কোমল খান ২৯ বলে ৩৬ রান করেন।

তবে ৬৯ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুতই ছন্দ হারায় পাকিস্তান। ৭০ ও ৭১ রানের মধ্যে আরও দুটি উইকেট পড়ে। মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। বিপরীতে ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৬ রানেই থেমে যায় পাকিস্তান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ফারজানা ইয়াসমিন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। নিশিতা আক্তার নিশি ২৮ রানে ২ উইকেট এবং তিথি দাস অপর্ণা ৮ রান দিয়ে একটি উইকেট নেন।