বাংলা লাইভ নিউজ ডেস্ক: সরকারি নির্ধারিত ফি দিয়েও মিলছে না ভূমিসেবা। গুনতে হচ্ছে অতিরিক্ত এক থেকে ২০ হাজার টাকা।

জমির নামজারি থেকে শুনানির তারিখ নির্ধারণ, বিভিন্ন ধাপে ঘুষ লেনদেনের এমন অভিযোগ উঠেছে পঞ্চগড়ের বোদা উপজেলা ভূমি অফিসের তিন কর্মচারীর বিরুদ্ধে। সম্প্রতি তাদের ঘিরে ঘুষ লেনদেনের অভিযোগসংবলিত কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষের ভূমিসেবা নিশ্চিত করার দায়িত্বে থাকা দপ্তরেই কীভাবে চলছে অনিয়মের এমন অভিযোগ। ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে বোদা উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী আল আমিন লাবু ও অফিস সহায়ক হারুন অর-রশীদের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের কাছ থেকে টাকা নেয়ার দৃশ্য রয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া অতিরিক্ত দায়িত্বে থাকা সার্ভেয়ার আবু সোয়েবের বিরুদ্ধেও ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তিনি বর্তমানে দেবীগঞ্জ উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার হিসেবে কর্মরত। অভিযোগ উঠেছে, জমির নামজারির ক্ষেত্রে জমির পরিমাণ ও দলিলের ধরন বিবেচনায় পাঁচ হাজার টাকা বা তার বেশি ঘুষ দাবি করেন সার্ভেয়ার আবু সোয়েব।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।