বাংলা লাইভ নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপন করতে গিয়ে মাটির ভেতর থেকে আগুনের ‘কুন্ডলি’ উৎপন্ন হয়েছে। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় ধারণা করা হচ্ছে, মাটির নিচে প্রাকৃতিক গ্যাস থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে ইনানীর ছোট ব্রীজ সংলগ্ন এলাকায় একটি স্থানে নলকূপের জন্য মাটি খুঁড়তে গিয়ে এ ঘটনা ঘটে এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১০টা) ওই স্থানে আগুন জ্বলছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে আমরা এখানে এসেছি, এখনো আগুন জ্বলছে।

প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। আগুনের প্রবাহ বেশি থাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাস্থলের নিকটবর্তী একটি পাঁচ তারকা হোটেলে কাজ করেন স্থানীয় যুবক আলামিন। তিনি জানান, যেখানে আগুনের সৃষ্টি হয়েছে পাশের ঘরেই আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি, ফায়ার সার্ভিস এসেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।