বাংলা লাইভ নিউজ ডেস্ক: ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে বড় পরিবর্তন আসে। স্যান্ডপেপার গেট নামে পরিচিত সেই ঘটনায় অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার দায়িত্ব হারালে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় টিম পেইনকে।
- •২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে বড় পরিবর্তন আসে।
- •স্যান্ডপেপার গেট নামে পরিচিত সেই ঘটনায় অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার দায়িত্ব হারালে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় টিম পেইনকে।
- •তবে সেই সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা।
তবে সেই সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা। তার দাবি, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণে তাকে উপেক্ষা করা হয়েছিল।
খাজার মতে, ওই সময় অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হওয়ার দৌড়ে তিনিই ছিলেন সবচেয়ে যোগ্য প্রার্থী। দলের নিয়মিত সদস্য হওয়ার পাশাপাশি কুইন্সল্যান্ড এবং অস্ট্রেলিয়া ‘এ’ দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও ছিল তার।
কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে হতাশ হন এই সাবেক ওপেনার। তার ধারণা, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তার পাকিস্তানি বংশোদ্ভূত পরিচয় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।
একই সঙ্গে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বোর্ডের সঙ্গে চলমান বিরোধেও তিনি সক্রিয় ভূমিকা রাখায় কর্তৃপক্ষ তার ওপর অসন্তুষ্ট ছিল বলে মনে করেন খাজা। কোড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের যোগ্যতার কথা তুলে ধরে খাজা উল্লেখ করেন, সে সময় তিনি অস্ট্রেলিয়া দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন এবং ব্যাট হাতেও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভূমিকা রাখছিলেন।
পাশাপাশি কয়েক বছর কুইন্সল্যান্ডের অধিনায়কত্ব করেছেন এবং অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়েও অসংখ্যবার নেতৃত্ব দিয়েছেন। খাজার ভাষায়, ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তাকেই স্বাভাবিক পছন্দ হওয়ার কথা ছিল।
কিন্তু শেষ পর্যন্ত তাকে বিবেচনায় নেওয়া হয়নি। এর পেছনে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বেতনসংক্রান্ত বিরোধকে অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি।
তার মতে, বোর্ডের সঙ্গে সেই বিরোধে তিনি সামনের সারিতে থাকায় কর্তৃপক্ষ তাকে নেতৃত্ব দিতে আগ্রহী ছিল না। শুধু অধিনায়কত্ব নয়, অন্তত সহঅধিনায়কের দায়িত্ব পাওয়ার যোগ্যতাও তার ছিল বলে মনে করেন খাজা।
অথচ সেই দায়িত্ব দেওয়া হয়েছিল জশ হ্যাজলউড ও মিচেল মার্শকে। এ বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে খাজা উল্লেখ করেন, অস্ট্রেলীয় ক্রিকেট তখন শ্যামলা বর্ণের কোনো খেলোয়াড়কে অধিনায়ক হিসেবে দেখতে প্রস্তুত ছিল না, এমনকি সাময়িক দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও নয়।
তার মতে, কয়েক বছর ধরে রাজ্য দলের নেতৃত্ব দেওয়া একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে অন্তত সহ-অধিনায়কের দায়িত্ব তার প্রাপ্য ছিল।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।