দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় ডিজিটাল অবকাঠামোয় বড় ধরনের আঘাত হেনেছে হ্যাকাররা। মার্কিন গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ফর্টিনেটের তথ্য অনুযায়ী, দেশটিতে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ২০ লাখ সাইবার হামলা চালানো হয়েছে। বিশেষ করে দেশটির ব্যাংকিং, বিমা ও প্রযুক্তি খাতকে লক্ষ্য করে এই তীব্র ডিজিটাল আগ্রাসন চালানো হয়, যা বর্তমানে সমগ্র অঞ্চলের সাইবার নিরাপত্তা নিয়ে বড় ধরণের উদ্বেগের জন্ম দিয়েছে। ইন্দোনেশিয়ার পাশাপাশি এই মুহূর্তে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলোও সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফর্টিনেটের অফিশিয়াল থ্রেটম্যাপের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ৯ নভেম্বর সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে ১৬ লাখের বেশি সাইবার হামলা শনাক্ত ও সফলভাবে প্রতিহত করেছে নিরাপত্তা ব্যবস্থা। এই সময়ের মধ্যে প্রতি সেকেন্ডে গড়ে প্রায় ১৯টি করে হামলা শনাক্ত হয়েছে, যা দেশটির সাইবার ইতিহাসে নজিরবিহীন। সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে দেশটির আর্থিক ও ব্যাংকিং খাত। এই খাতে প্রায় ৭ লাখ ৬১ হাজার হুমকি বা হামলার চেষ্টা শনাক্ত করা হয়েছে। এরপরই রয়েছে প্রযুক্তি খাত, যেখানে ৩ লাখ ৮৬ হাজার হুমকি পাওয়া গেছে। এছাড়া সরকারি সংস্থায় ১ লাখ ২১ হাজার, শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৮ হাজার, উৎপাদন খাতে ৪২ হাজার এবং টেলিযোগাযোগ খাতে ১৮ হাজার সাইবার হুমকি শনাক্ত করা হয়েছে।
এর আগে ইন্দোনেশিয়ার জাতীয় সংবাদ সংস্থা আন্তারা নিউজ এবং ফোর্টিগার্ড ল্যাবসের পর্যবেক্ষণ তথ্যে জানানো হয়, গত ৭ নভেম্বর ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে প্রায় ৩ লাখ ৫০ হাজার ৫০০টি সাইবার হামলার চেষ্টা রেকর্ড করা হয়েছিল। ওই দিনও প্রধান লক্ষ্যবস্তু ছিল ব্যাংকিং, আর্থিক সেবা ও বিমা খাত। ড্যাশবোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, আর্থিক খাতকে লক্ষ্য করে প্রায় ২ লাখ ১৪ হাজার এবং সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোকে লক্ষ্য করে প্রায় ৭৯ হাজার প্রচেষ্টা চালানো হয়। পরদিন অর্থাৎ ৮ নভেম্বরের পর্যবেক্ষণে হামলার ধরনে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। ওই দিনের হিসাবে আর্থিক প্রতিষ্ঠানে ২ লাখ ৫৫ হাজার এবং স্বাস্থ্যসেবা খাতে ১ লাখ ৮৪ হাজার কার্যকলাপ শনাক্ত করা হয়। এছাড়া সরকারি খাতে ১ লাখ ১২ হাজার, উৎপাদন খাতে ৭৫ হাজার এবং প্রযুক্তি খাতে ৪৫ হাজার ক্ষতিকর তৎপরতা রেকর্ড করা হয়।
ইন্দোনেশিয়ান অ্যাসোসিয়েশন অব আইসিটি বিজনেসেসের (এপিটিকনাস) সাইবার নিরাপত্তাবিষয়ক ডেপুটি চেয়ারম্যান ও বিশিষ্ট বিশেষজ্ঞ আলফন্স তানুজায়া এই পরিসংখ্যানগুলো ব্যাখ্যার ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, এই সংখ্যাগুলো শুধু সফল আক্রমণ নয়, বরং ফায়ারওয়াল ও নিরাপত্তা সিস্টেমে আটকে যাওয়া বিভিন্ন ধরনের ম্যালওয়্যার ও স্ক্যানিংয়ের সমন্বিত রূপ। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইন্দোনেশিয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের অন্যান্য দেশগুলোতেও সাইবার নিরাপত্তা জোরদার করার তাগিদ দিয়েছেন তথ্যপ্রযুক্তি বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক পর্যায়ে বিভিন্ন দেশের সুপারমার্কেট, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পাঠকের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যআপনার মন্তব্য লিখুন
আপনার ইমেইল ঠিকানাটি গোপন রাখা হবে। তারকা চিহ্নিত (*) ঘরগুলো পূরণ করা বাধ্যতামূলক।