বাংলা লাইভ নিউজ ডেস্ক: টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টার দিকে টঙ্গী উত্তর আউচপাড়া এলাকার লাকী স্টার অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানায় ঘটনাটি ঘটেছে।

এতে খাঁপাড়া-তিলারগাতী আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের আঞ্চলিক সড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ৯৫০ জন শ্রমিক কাজ করেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা না দিয়ে হঠাৎ করে গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেন।

ঘোষিত সাধারণ ছুটির মধ্যেই সোমবার সকালে শ্রমিকরা কারখানায় এসে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা খাঁপাড়া-তিলারগাতী আঞ্চলিক সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের আঞ্চলিক সড়ক থেকে সরিয়ে দিলে তারা কারখানার মূলফটকের সামনে অবস্থান নেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই বাংলা লাইভ নিউজে আপডেট প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: সংবাদ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।