রিয়াল মাদ্রিদে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় শীতকালীন দলবদলে ধারে অন্য ক্লাবে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্ড্রিকের। স্প্যানিশ ক্লাবটি তাকে ধারে পাঠানোর কথা ভাবছে বলে জানা গেছে। তাকে পেতে জানুয়ারির দলবদলে জোর চেষ্টা চালাচ্ছে ইতালিয়ান ক্লাব রোমা।

ফুট মারকাতোর বরাত দিয়ে গোল জানিয়েছে, রোমার শীতকালীন দলবদলের অন্যতম প্রধান লক্ষ্য এখন এন্ড্রিক। ইতালিয়ান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ফ্লোরিয়ান গিসলফি আলোচনাটি এগিয়ে নিচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত গ্রীষ্মেই এন্ড্রিককে নিয়ে দুই পক্ষের যোগাযোগ শুরু হয়েছিল।

এন্ড্রিক ও তার বাবা রোমায় যাওয়ার ব্যাপারে আগ্রহী। সেখানে ব্রাজিলের সতীর্থ ওয়েসলির সঙ্গে খেলার সুযোগও পাবেন তিনি।

রিয়ালে এন্ড্রিকের বর্তমান পরিস্থিতিও তাকে ধারে পাঠানোর সম্ভাবনা বাড়িয়েছে। ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি লা লিগায় এখন পর্যন্ত মাত্র ৪ মিনিট খেলেছেন। বেশির ভাগ সময়ই কাটছে বেঞ্চে। তাই নিয়মিত খেলার সুযোগ দিয়ে তার ছন্দ ফেরাতে চায় রিয়াল।

এন্ড্রিককে পেতে রোমার পাশাপাশি জুভেন্টাসও আগ্রহী। ইতালিয়ান ক্লাবটি তাকে ধারে নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কিনে নেওয়ার সুযোগ রাখতে চায়।