আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে লড়বেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর আগে, তিনি ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এই আসনে নির্বাচন করার জন্য প্রচারণায় নেমেছিলেন সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হাদি হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এই আসনের মধ্যে ছাত্রদল নেতা সাম্যকেও হত্যা হয়েছে। এটা মৃত্যুর উপত্যকা। এখানে আমরা আর কোনো মৃত্যু চাই না। এই আসনকে নগরের সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন তিনি।

সম্প্রতি দল থেকে কয়েকজনের পদত্যাগের বিষয়ে তিনি আরও বলেন, আমরা বাস্তবিক দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। বিএনপির দিকে গেলেও অনেক দ্বিমত হতো, জামায়াতের সাথেও দ্বিমত আছে, এই দ্বিমতকে শ্রদ্ধা করি। এটি কোনো আদর্শিক জোট নয়। সংস্কার, বিচার ও অর্থনীতিসহ অনেক বিষয়ে একমত হওয়ায় জোট হয়েছে। একসাথে সবাই মিলে দেশ থেকে দুর্নীতিমুক্ত করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক।

জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর জোট সম্পর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই জোটের সরকার গঠনের সক্ষমতা রয়েছে। তবে সরকার গঠন করলে কে কোন পদে আসবে বা কীভাবে হবে সেগুলো নিয়ে আমাদের সাথে এখনও বিস্তারিত কথা হয়নি। এটা পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো।