২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। ফিফা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় ৫০ শতাংশ বৃদ্ধি করে ৬৫ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ৭৯৯৯ কোটি টাকা প্রাইজমানি বরাদ্দের সম্মতি দিয়েছে। এটি প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত হবে, যা আগের ৩২ দলের তুলনায় প্রাইজমানি বাড়ার ইঙ্গিত দিয়েছিল।

প্রাইজমানি পারফরম্যান্সের ভিত্তিতে বিতরণ করা হবে, যেখানে চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ কোটি ডলার (৬১০ কোটি ৬০ লাখ টাকা) এবং রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৩ কোটি টাকা)। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চার কোটি ২০ লাখ ডলার এবং রানার্সআপ ফ্রান্স তিন কোটি ডলার পেয়েছিল।

কাতার বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার, যা ২০২৬ আসরে ২১ কোটি ৫০ লাখ ডলার বাড়ানো হয়েছে। চ্যাম্পিয়নদের জন্য ৮০ লাখ এবং রানার্সআপ দলের জন্য ৩০ লাখ ডলার বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। বিশ্বকাপ ২০২৬ সালের ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে, যেখানে ১৬ ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দল কমপক্ষে এক কোটি ৫ লাখ ডলার পাওয়া নিশ্চিত, যেখানে গ্রুপপর্ব পেরোতে ব্যর্থ দলগুলোকে ৯০ লাখ ডলার দেওয়া হবে। প্রস্তুতিমূলক ব্যয় হিসেবে অতিরিক্ত ১৫ ডলার বরাদ্দ রয়েছে। ইতোমধ্যে ৪২ দল বিশ্বকাপে উত্তীর্ণ হয়েছে, আরও ৬ দল প্লে-অফের মাধ্যমে টিকিট পাবে।

রাউন্ড অব ৩২-এ ওঠা প্রতিটি দল ১ কোটি ১০ লাখ, শেষ ষোলোতে উঠলে ১ কোটি ৫০ লাখ, কোয়ার্টার ফাইনালে উঠলে ১ কোটি ৯০ লাখ ডলার করে পাবে। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া তৃতীয় দল ২ কোটি ৯০ লাখ ডলার এবং চতুর্থ দল ২ কোটি ৭০ লাখ ডলার পাবে।