কাজাখস্তানের কঠিন আবহাওয়া, দুর্গম লোকেশন এবং শারীরিক ঝুঁকি—এই সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে ‘দম’ সিনেমার প্রথম পর্বের শুটিং সম্পন্ন করেছেন অভিনেতা আফরান নিশো। দেশে ফিরে ভক্তদের আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে তিনি সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
‘দম’ সিনেমার শুটিংয়ের প্রথম লট কাজাখস্তানে সম্পন্ন হয়েছে। শুরুতে সৌদি আরব ও জর্ডানকে লোকেশন হিসেবে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়। ছবির পরিচালক রেদওয়ান রনি এবং পুরো টিম টানা কয়েকদিন শুটিং করে গত ৬ ডিসেম্বর দেশে ফিরে আসেন।
এরপর ৮ ডিসেম্বর নিজের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিশো সেই কষ্টসাধ্য যাত্রার গল্প জানান। তীব্র ঠান্ডা এবং টাইট শিডিউলের চাপ—সব মিলিয়ে শুটিং অভিনেতার কাছে যুদ্ধের মতো অভিজ্ঞতা ছিল।
নিশো বলেন, ‘দম–এর মতো সিনেমার দায়িত্ব পাওয়া আমার জন্য আশীর্বাদ। আমরা চাই ভালো গল্প, ভালো কাজ।’ এই সিনেমার শুটিংয়ে কাজাখস্তানে হাত-পা কেটে যাওয়ার মতো ঘটনা ঘটলেও শুটিং থামানো হয়নি। অভিনেতার কথায়, ‘শুটিংয়ের সময় হাত কাটবে, পা কাটবে—এসব ভাবলে কাজই করা যেত না। ১০ মিনিট বিরতিই মানে পুরো দিনের শিডিউল ফেল করা ছিল। তাই যাই হোক, চালিয়ে যেতে হয়েছে।’
আবহাওয়ার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘কাজাখস্তানে দুপুর দুইটার পর সূর্যের আলো থাকে না। তাই সকাল থেকেই দৌড়াতে হয়েছে। প্রতিবন্ধকতা অনেক ছিল, কিন্তু গর্বের বিষয়; একটাও অতিরিক্ত দিন লাগেনি।’
তবে, ছবির গল্প বা নির্মাণ নিয়ে বিস্তারিত জানাননি নির্মাতা বা শিল্পীরা। তবে নিশোর ইঙ্গিত অনুযায়ী, বাংলাদেশি মূলধারার সিনেমায় এমন নির্মাণশৈলী আগে দেখা যায়নি।
এই সিনেমায় আফরান নিশো ছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী; নায়িকা হিসেবে আছেন পূজা চেরি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী রোজার ঈদে ‘দম’ সিনেমা মুক্তি পাবে।














