জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাতেও ২৯টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়। এসব কমিউনিটি ক্লিনিকে প্রথমে ২৩ জন কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডর (সিএইচসিপি) নিয়োগ করা হয়। পরে সরকার আরো ৬ জনকে নিয়োগ দেয়। এভাবে ২৯টি কমিউনিটি ক্লিনিকে মোট ২৯ জন কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারকে (সিএইচসিপি) নিয়োগ দেওয়া হয়।

বেতন বন্ধের বিষয়ে তাড়াশ পৌর এলাকার কাউরাইল কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার শাহিন আলম বলেন, ‘উপজেলায় ২৯টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে রাজস্বভুক্ত রয়েছি ২৩ জন। এ ছাড়া নতুন নিয়োগকৃত রয়েছেন ৬ জন।’ তিনি আরো বলেন, ‘আমার নিজের জমিজমাও নেই। ফলে এই চাকরি করেই সবার মুখের খাবার জোগাতে হয়।’

তাড়াশ সদর ইউনিয়নের সোলাপাড়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডর ফিরোজ আহমেদ জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত ডিউটি করায় অন্য কোনো কাজও করা যায় না। একাধিক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার জানান, বাড়ির ভিটা ছাড়া আর কিছুই নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সামান্য বেতন দিয়ে টেনেটুনে কোনো রকমে সংসার চালাই। তারপর আবার দেড় বছর থেকে সেটিও বন্ধ। দোকানদাররা আর বাঁকিতে জিনিস দিতে চাচ্ছেন না। কী যে বিপদে রয়েছি, কাকে বলব? আমরা এই সমস্যার একটি সমাধান চাচ্ছি। এখন আমাদের একটাই দাবি, দেড় বছর ধরে বন্ধ থাকা আমাদের সবার বেতন-ভাতা দিয়ে দেওয়া হোক। আশা করছি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই সমস্যা নিরসনে কাজ করবে।

গত দেড় বছর ধরে বেতন বন্ধ থাকার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহমেদ বলেন, ‘একটি ট্রাস্টের মাধ্যমে সিএইচসিপিদের বেতন-ভাতাদি পরিশোধ করা হয়। সারা দেশেই তাদের বেতন-ভাতাদি বন্ধ রয়েছে। এখন আমাদের স্বাক্ষরে তাদের বেতন-ভাতা হয় না।’

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আপন দুই চাচাতো ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের তেলিবিল তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন— তেলিবিল তালতলা গ্রামের মুন্সি সুলতান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৬০) ও সুবহান মিয়ার ছেলে জালাল আহমদ (৪২)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, ইউনিয়নের স্থানীয় বটতলা বাজার থেকে মোটরসাইকেলযোগে তালতলা জামে মসজিদের সভাপতি, ব্যবসায়ী গিয়াস উদ্দিন ও তার চাচাতো ভাই জালাল আহমদ বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে তালতলা এলাকায় গেলে সেখানে রাস্তার ওপরে ধানের ফাড়া বিছানো ও স্তূপ থাকায় বিপরীত থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটম গাড়ির সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই গুরুতর আহত হন।

শরীফপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান মিয়া জানান, তাৎক্ষণিক গুরুতর আহত গিয়াস ও জালালকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত কর্তব্যরত ডাক্তাররা তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে রেফার্ড করেন। সিলেটে নিয়ে যাওয়ার সময় পথে ব্যবসায়ী গিয়াস মারা যান ও রাত ৮টার দিকে হাসপাতালে জালালকে নিয়ে গেলে দুজনকেই ডাক্তার মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়েছি। বর্তমানে তাদের মরদেহ সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সীমান্ত অতিক্রম করে বিনা শুল্কে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় পেয়াজ, চিনিসহ বিভিন্ন পণ্যের চালান জব্দ করেছে। মঙ্গলবার গভীর রাতে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের লাউরগড় বিওপি এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১২০৩/১-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদীতে মালিকবিহীন অবস্থায় ২টি বারকী নৌকা আটক করা হয়। সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির বলেন, দেশীয় পেঁয়াজ উৎপাদনকারী কৃষকদের স্বার্থ রক্ষা ও পেঁয়াজ উৎপাদনে আরও উৎসাহ দিতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে স্থলপথের পাশাপাশি নৌপথেও বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আটককৃত নৌকা, পেঁয়াজ ও চিনি শুল্ক কার্যালয় জমা করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সিরাজগঞ্জে ভুয়া কাগজ তৈরি করে পুকুর খননের অভিযোগে ব্যবসায়ী জরিমানা

সিরাজগঞ্জের তাড়াশে সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমার স্বাক্ষর জাল করে ভুয়া কাগজ তৈরি করে পুকুর খনন করেছেন এক ব্যবসায়ী। পুকুরের মাটি কেটে বিক্রির সময় মাটি ভর্তি একটি ট্রাক জব্দসহ ওই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. মামুন হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, ‘উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া এলাকায় সাবকে ইউএনও সুইচিং মং মারমা এর স্বাক্ষরিত জাল কাগজ তৈরি করে রাতে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে পুকুরের মাটি খনন করে, অন্যত্র বিক্রি করছিলেন। স্থানীয় সূত্রে এমন খবর পেয়ে গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেখান উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।’ তিনি আরো বলেন, ‘এরপর উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করে মামুন হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে খনন যন্ত্রের ব্যাটারি খুলে নিয়ে আসা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।’

নেত্রকোনায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে ডুবে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাদিয়া নবাব মিয়া ও শুভা আক্তার দম্পতির মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নাদিয়ার মা ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল শিশুটিকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নাদিয়ার বাবা নেত্রকোনার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *