হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৩৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, দেশব্যাপী চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত এলাকা থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সিলেট–ঢাকা মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয় টহলদল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১০ টার দিকে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল এ বিষয়টি নিশ্চিত করেন। দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে একটি ডাম্প ট্রাক সন্দেহজনকভাবে আসতে দেখে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে গাড়িটি থামান।

পরে তল্লাশি চালিয়ে বালি ভর্তি ট্রাকের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় পরিবহনকালে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩৬ লাখ ৪৫ হাজার টাকা।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল জানান, জব্দকৃত জিরা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে এই চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *