জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনী হলফনামায় ৪০ লাখ টাকার সম্পদের হিসাব দিয়েছেন। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নির্বাচন কমিশনে এ সম্পদ বিবরণী জমা করেছেন।

হলফনামা অনুযায়ী, পাটওয়ারীর সম্পদের বড় অংশই অস্থাবর। তার কোনো স্থাবর সম্পদ নেই। তিনি নগদ ২৫ লাখ টাকা ও তিনটি ব্যাংকে মোট ১৮ হাজার টাকা জমা রেখেছেন। এছাড়া তার কাছে ১০ লাখ টাকার স্বর্ণ, ৪০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ১ লাখ টাকার আসবাবপত্র রয়েছে।

২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ ২৬ লাখ ৩০ হাজার ৩০০ টাকা উল্লেখ করা হয়েছে। তার স্ত্রীর সম্পদের পরিমাণ আনুমানিক ২৩ লাখ টাকা, যার মধ্যে নগদ ৫ লাখ টাকা এবং ব্যাংকে জমা ৬ লাখ ১৯ হাজার টাকার বেশি রয়েছে।

ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা নাসীরুদ্দীন পাটওয়ারী পেশায় একজন মার্কেটিং কনসালট্যান্ট। তার বার্ষিক মোট আয় চার লাখ ৪৭ হাজার ৩৩৩ টাকা, যার মধ্যে কনসালটেন্সি কাজ থেকে দুই লাখ ২০২ হাজার টাকা এবং চাকরি থেকে দুই লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা।

বর্তমানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। ২০১৩ সালে তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দুটি মামলা হয়েছিল, তবে ২০২৫ সালের ফেব্রুয়ারি ও জুনে তিনি উভয় মামলায় খালাস পান। হলফনামায় উল্লেখ করা হয়েছে যে, নাসীরুদ্দীন পাটওয়ারী বা তার পরিবারের কারও কোনো ঋণ বা দেনা নেই।