টাঙ্গাইলে একটি কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সদর উপজেলার কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক শেরপুরের শ্রীবর্দির সোহেল (৩৫) এবং টাঙ্গাইলের বাসাইলের নাটিয়াপাড়ার মালেক ভূঁইয়ার ছেলে মুরগি ব্যবসায়ী আমিনুর (৬৫)। মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশের এসআই কামরুল হাসান জানান, রাতে জামালপুর থেকে ঢাকাগামী একটি হাঁস-মুরগি ও চাল বোঝাই ট্রাক সামনে থাকা কাভার্ড ভ্যানকে পেছনে থেকে ধাক্কা দেয়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বুধবার দুপুরে শ্রীমঙ্গল-সিন্দুরখান রোডসংলগ্ন জোড়পুল এলাকা থেকে সাপটিকে উদ্ধার করা হয়। পরে সেটিকে স্থানীয় বন বিভাগের কাছে পৌঁছে দেওয়া হয়। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়কে সাথে নিয়ে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, শ্রীমঙ্গল-সিন্দুরখান রোডের জোড়পুল এলাকায় গাছের ডালে একটি অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয় উৎসুক জনতা আতঙ্কিত হয়ে পড়ে এবং সাপটিকে মেরে ফেলার জন্য চিৎকার-চেঁচামেচি শুরু করে। ঘটনাস্থলের পাশে পল্লী বিদ্যুতের কারেন্ট লাইন থাকায় এলাকাবাসী বিষয়টি দ্রুত শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ অফিসকে জানায়। পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়। স্থানীয়রা জানান, সাপটি এর আগেও এলাকার অনেক মানুষের বাড়ির হাঁস-মুরগি ও ছাগল খেয়ে ফেলেছিল। এর আগে সর্বশেষ ২৯ নভেম্বর দুপুরে শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোডের নজরুল কমিউনিটি সেন্টারের বিপরীত পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছিল।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি আসনের মধ্যে ৩টিতে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত তালিকা অনুযায়ী, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে দলটির যুগ্ম সদস্যসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়রা নূর এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নির্বাচন করবেন। নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী), নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ওমর ফারুক বলেন, ‘গণ-আন্দোলন করে স্বৈরাচার হাসিনা সরকারকে সরাতে এনসিপির তরুণদের ভূমিকা ছিল। দেশের জন্য কিছু করলে এই তরুণরাই করবে। আপনাদের ভালোবাসা আর দোয়ায় দল আমাকে নোয়াখালী-১ আসনে মনোনয়ন দিয়েছে।’

সিরাজগঞ্জে ট্রাক দিয়ে মহাসড়কে ব্যারিকেড দিয়ে দূরপাল্লার বাসে ডাকাতি চেষ্টাকালে তিন ডাকাতকে গ্রেপ্তার ও একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজারসংলগ্ন ফাঁকা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলটেংগর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ট্রাকচালক নাজমুল হোসেন (৩০), চালকের সহকারী একই এলাকার ইদ্রিস আলীর ছেলে সোলাইমান হোসেন (২৫) ও ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামের আওলাদ হোসেনের ছেলে আমিনুর ইসলাম (২৪)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মহাসড়কে যাত্রীকালীন টহল চলাকালে জরুরি সেবা ৯৯৯-এ থেকে কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফতেহ আলী বাসের যাত্রী কুমিল্লা স্পেশাল জেলা ও দায়রা জজ মো. মোহাসিনুল হক পুলিশের কাছে অভিযোগ করেন ঘটনাস্থলে পৌঁছামাত্র ডাকাতরা ট্রাক দিয়ে মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে বাসটিতে ডাকাতির চেষ্টা করছিল। ওসি আরো বলেন, আটক তিনজনসহ জব্দ করা ট্রাকটি রাতেই সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযানে নেতৃত্ব দেওয়া হাটিকুমরুল থানার এসআই আরব আলী বাদী হয়ে মামলা করেছেন। সলঙ্গা থানার ওসি ইমাম জাফর বলেন, বুধবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বন্দি বিনিময় চুক্তিতে ৩২ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠিয়েছে ভারত। আর বাংলাদেশ থেকে ৪৭ জেলেকে ভারতে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় সমুদ্রপথে এই দুই দেশের বন্দি বিনিময় কার্যক্রমে সম্পৃক্ত রয়েছে উভয় দেশের কোস্ট গার্ড। বুধবার দুপুরে মোংলা কোস্ট গার্ড বেইসের বিসিজিএস কামরুজ্জামান জাহাজের অধিনায়ক কমান্ডার শুয়াইব বখতিয়ার রানা এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত ১২ জুলাই ও ২ আগস্ট ৩টি ভারতীয় ফিশিং বোটসহ (এফবি মা মঙ্গল চন্ডি-৩৮, এফবি ঝড়, এফবি পারমিতা-৪) ৪৭ জন ভারতীয় জেলেকে আটক করে। অপরদিকে গত ১২ ও ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা অতিক্রম করে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ২টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৩২ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় আটককৃত জেলেদের হস্তান্তর/গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব পায় বাংলাদেশ কোস্ট গার্ড। বাংলাদেশি এসব জেলে ভারতের কারাগারে ছিলেন তিন মাস। বুধবার দুপুরে বাংলাদেশি জেলেদের বোটসহ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে (মোংলা) এনে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *