গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ জন শ্রমিককে উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দেয়। মোট নয়টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, কারখানার আটতলা ভবনের তিন তলায় আগুন লাগে। আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা এবং কারখানার নিজস্ব অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।