বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ওসমান হাদির মৃত্যুর দায় সরকারকে নিতে হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ঢাকা শহরের আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে, সেটার দায় এই সরকারকেই নিতে হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিটঘর বাজার বালুর মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, আমাদের মধ্যেও কিন্তু ভয় তৈরি হয়। শোনা যায়, ৫০/৬০ জন এমপির তালিকা নাকি তৈরি করা হয়েছে। নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার জন্য তাদের ওপর হামলা করা হবে। আমি পরিষ্কার বলতে চাই, হায়াত-মওতের মালিক আল্লাহ, হেফাজত করার মালিকও আল্লাহ। কিন্তু তাই বলে সরকার তার দায় এড়াতে পারে না।
পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজিত সভায় রুমিন ফারহানা সরকারকে আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের আগে কার কার বাড়িতে অবৈধ অস্ত্র আছে, কার কার হেফাজতে অবৈধ অস্ত্র আছে—সেগুলো আপনারা খুঁজে বের করুন। আপনাদের পুলিশ আছে, প্রশাসন আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। ৫ আগস্টের পর থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই অবৈধ অস্ত্র যদি কারও কাছে পাওয়া যায়, তাকে আইনের আওতায় নিয়ে আসুন।
তিনি বলেন, পরিষ্কার বলে দিতে চাই ২০২৬ সালের নির্বাচনে যারা প্রার্থী হবে, যারা ভোটার আছে, যারা প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবে—প্রত্যেক মানুষের নিরাপত্তা সরকারকে দিতে হবে।
এছাড়াও নিজের নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ মার্কা যাই হোক, নির্বাচন করব আমি সরাইল ও আশুগঞ্জে। আমি যা বলি, আমি তাই করি—এটা ভালো হলে ভালো, মন্দ হলে আমার কিছু করার নেই।














































































